তেল সংকট: যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

 


দেশে জ্বালানি তেলের দাম যাতে না বাড়ে, সংশ্লিষ্টদের সেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা চারটায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

পরে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘তেলের দাম যেন না বাড়ে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চোরাচালান বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও হয়েছে। তেল মজুতকারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’

নূরুল ইসলাম মনি জানান, বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জ্বালানি তেল পাচারের কয়েকটি ঘটনা নজরে এসেছে; কঠোর হাতে এগুলো দমন করা হবে।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

এ ছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন