আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা বর্তমান সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মূলত বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অতিরিক্ত ভর্তুকি দিয়ে দাম ধরে রাখা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের অগ্রিম প্রস্তুতির কারণেই এই সফলতা এসেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও প্রধানমন্ত্রীর সুচারু পরিকল্পনা ও নির্দেশনায় আমরা দেশে দাম বাড়তে দিইনি। আমাদের লক্ষ্য কৃষিখাতে যেন কোনো সংকট তৈরি না হয়। আগামী দিনেও কীভাবে এই স্থিতিশীলতা বজায় রাখা যায়, তা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে পরিকল্পনা চলছে।
জ্বালানি তেল পাচারের বিষয়ে সতর্কবার্তা দিয়ে মন্ত্রী বলেন, তেল পাচারের দু-একটি বিচ্ছিন্ন ঘটনা আমাদের নজরে এসেছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
সরকারের ৪০ দিনের কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই স্বল্প সময়ের মধ্যে নানা চ্যালেঞ্জ এলেও সরকার তা সফলভাবে মোকাবিলা করেছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেয়া অধিকাংশ প্রতিশ্রুতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, সরকারের অর্জনগুলো জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। ভবিষ্যতে যেসব চ্যালেঞ্জ আসতে পারে, সেগুলো সংসদীয় পদ্ধতিতে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
ব্রিফিংয়ে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে গঠিত বিশেষ কমিটির কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ইতিমধ্যে দুই দফা বৈঠক হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে আটটায় আবারও বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।